ওয়েব ডেস্ক : ভোট পার হতেই বোমাতঙ্ক ছড়াল শিলিগুড়িতে। গত শনিবার রাতে শিলিগুড়ি ৪২ নম্বর ওয়ার্ডের প্রধান পাড়ায় পথচলতি মানুষদের নজরে আসে এক সন্দেহজনক বস্তু। তাঁরা দেখেন, রাস্তার পাশে পড়ে রয়েছে মর্টার শেল বা ওই জাতীয় কিছু একটা জিনিস! আতঙ্কিত এলাকাবাসীরাই তক্ষনাৎ খবর দেন পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় কেন্দ্রীয় বাহিনীও। আর এই ঘটনায় ওই সন্দেহজনক বস্তুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে শিলিগুড়ির প্রধান পাড়া এলাকায়। ঘটনাস্থলে আসে বম্ব স্কোয়াড। ঘিরে ফেলা হয় গোটা এলাকা।
স্থানীয় বাসিন্দা জগদীশ রায় ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, ‘‘এলাকার দু’জন শ্রমিক প্রথমে রাস্তার ধারে ওই বস্তুটিকে পড়ে থাকতে দেখেন। তাঁরাই আমাদের জানান। সন্দেহ হওয়ায় ভক্তিনগর থানায় খবর দিই। পুলিশ কিছু বুঝতে পেরেই আমাদের সরিয়ে দেয়। তার পরেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা এসে এলাকা ঘিরে ফেলেন৷ জনবহুল এলাকায় এই ধরনের জিনিস আতঙ্কের বিষয় অবশ্যই।’’
প্রসঙ্গত, সিকিমের বাঁধ বিপর্যয়ের পর এই ধরনের বিস্ফোরক বা মর্টার শেল প্রায়ই মিলেছিল তিস্তা সংলগ্ন এলাকায়। সেনা বাহিনী সেগুলি উদ্ধার করে। পরে তা নিষ্ক্রিয় করে দেয়। শিলিগুড়িতে উদ্ধার হওয়া বস্তুটি তেমন কোনও পদার্থ কি না, তা খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। ভোট পার হতেই এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে স্থানীয়দের পাশাপাশি গোটা শিলিগুড়িজুড়ে।
